গাজীপুর মহানগরীর পূবাইল বাজার এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে পূবাইল রেলস্টেশনে তিতাস এক্সপ্রেস নামক ট্রেনের সামনে ঝাঁপ দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা। তিনি কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের ওপর দিয়ে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি অন্যদিকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানকে নিয়েই ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মা, মেয়ে ও ছেলের মৃত্যু হয়।
ঘটনার সময় দায়িত্বে থাকা গেটকিপার আব্দুস সাত্তার ট্রেন কাছে আসতে দেখে বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করার চেষ্টা করেন। তাতেও তারা সরে যাননি।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে গেটকিপারের কাছে কোন লাইনে ট্রেন আসবে তা জানতে চান। এরপর তিনি তার দুই সন্তানকে নিয়ে রেললাইনের ওপর বসে পড়েন। পরে গেটকিপারের ডাক-চিৎকার ও বাঁশির সংকেতেও তারা সরে যাননি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এবং আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/আআ