বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সুশিক্ষা ছাড়া আমাদের দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। এ জন্য সবার আগে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ডের দেবালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ বৈঠক হয়।
ড. মঈন খান বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য পর্যাপ্ত স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, একটি শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।
আরআর