আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৭ ) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগেও বলেছি, এখনও বলছি নির্বাচন নিয়ে কোনও ঝুঁকি নেই।’
তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণাকালে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যেন কোনও অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবাই মিলে এমন একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে চাই, যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে।’
সময়ের আলো/কেএইচও