কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় কাজ করতে যাওয়া ছয়জন স্থানীয় কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত কৃষকেরা হলেন, মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) এবং মোস্তাক (১২)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই কৃষকেরা পাহাড়ের পাদদেশে দিনমজুরের কাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি সশস্ত্র ব্যক্তি সেখানে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে নিয়ে যায়।
অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন জানান, তার ছেলে প্রতিদিনের মতো কাজে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে ধরে নিয়ে গেছে বলে তিনি জানান এবং পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের তথ্য পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
/ইউএমএইচ