প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৭:১১ পিএম
বুধবার আজমির হুসাইন (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় কথা বলেন আব্দুল হান্নান মাসউদ। সংগৃহীত ছবি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম-ওলামা ও সমাজের সৎ মানুষদের জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সদ্য প্রয়াত মাওলানা আজমির হুসাইন (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের আলেমরা সবচেয়ে বেশি নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছেন। আলেমসমাজ যে সম্মান ও অবস্থানে থাকার কথা ছিল, সেখানে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
তিনি বলেন, আগামীর দিনে আলেম-ওলামা ও সমাজের সৎ মানুষদেরই মেম্বার ও চেয়ারম্যানের দায়িত্ব নিতে হবে।
হান্নান মাসউদ বলেন, ফ্যাসিস্ট শাসনামলে ওয়াজ করার জন্যও অনুমতি নিতে হতো। এটা আমাদের জন্য লজ্জাজনক। যেখানে দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান, সেখানে গুটি কয়েকজনের কাছে আলেম সমাজ জিম্মি ছিল। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাই বৈষম্য দূর করতে হলে ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকতে হবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা মার্কেট মসজিদের খতিব মাওলানা কারি মাহমুদুল হাসান, মুফতি সারওয়ার কাসেমী, হাতিয়া উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি সাহেদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মাওলানা কাউসার আহমেদ প্রমুখ।
আরআর