নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িতদের কেউ আওয়ামী লীগের দোসর নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তাবিষয়ক এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত, তারা কর্মকর্তারা সৎ ও পেশাদার। তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কোনো কিছু নেই। সবাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত জানিয়ে তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি স্তর থাকবে।
এফআর