আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তিনি। রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে কয়েকটি পথসভায়ও অংশ নেবেন তিনি। রাতে নিজ জেলা বগুড়ায় অবস্থান করবেন তিনি।
এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি। মহানগরের মাদরাসা মাঠে তৈরি করা হচ্ছে বিশাল সমাবেশ মঞ্চ। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা।
এদিকে সমাবেশ উপলক্ষে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমানের মিনু জানিয়েছেন, মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে গতকাল বুধবার সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থানীয় নেতারা। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর সমাবেশে তিনটি জেলার মোট ১৩ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
আরআর