ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার না পাওয়া এবং রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে ১১ দলীয় জোট।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জোটের নেতা-কর্মী ও সমর্থকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও সেগুলো অপসারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ১১ দলীয় জোটের প্রার্থীর 'শাপলা কলি' প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেন তারা।
আরও পড়ুন
বিক্ষোভকারীরা জানান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের এমন দ্বিমুখী আচরণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করছেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও খোরশেদ আলম, জামায়াতে ইসলামীর নেতা নাসির উদ্দীন ও জয়নাল আবেদীন, খেলাফত মজলিসের নেতা মীর মুরশেদ তুহিনসহ জোটের শীর্ষ নেতারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করা না হলে এবং নিরপেক্ষতা নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এএডি/