ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আবারও নজর কাড়লেন তার অনন্য উপস্থিতি দিয়ে। অভিনয়ে দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্ব ও রুচিশীল স্টাইলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনায় থাকেন তিনি। সর্বশেষ পুকুরপাড়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের নতুন করে মুগ্ধ করলেন এই অভিনেত্রী।
সবুজ ঘাসে বসে, পাশেই নীরব পুকুর- এই প্রাকৃতিক আবহে হলুদ শাড়িতে ভাবনাকে দেখে যেন গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য আর আধুনিক নারীর ভাবনার এক অপূর্ব মেলবন্ধন ধরা পড়েছে। ছবিগুলোতে তাঁর উপস্থিতি ছিল শান্ত, সংযত আর এক ধরনের নীরব আবেগে ভরপুর।
ছবির ক্যাপশনে ভাবনা বলেন, ‘তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়।’ যা ছবির আবহের সঙ্গে আরও গভীরতা যোগ করেছে।
পোস্ট করা ছবিতে দেখা যায়, উজ্জ্বল হলুদ শাড়িতে সাদা মোটিফের কাজ ও সবুজ পাড়ের সূক্ষ্ম নকশা। শাড়ির সঙ্গে সাদামাটা সাদা ব্লাউজ পুরো লুকটিকে রেখেছে ভারসাম্যপূর্ণ ও নান্দনিক।
খোঁপা করা বিনুনি চুল, কপালে ছোট টিপ আর কানে হালকা গয়না- সব মিলিয়ে ভাবনার সাজ ছিল সহজ, কিন্তু দৃষ্টি কাড়ার মতো। অতিরিক্ত আড়ম্বর ছাড়াই নিজেকে উপস্থাপন করার এই ক্ষমতাই তাকে আলাদা করে তোলে বলে মনে করছেন ভক্তরা।
পুকুরপাড়ে বসে থাকা এই ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। নেটিজেনদের মতে, প্রকৃতির নিরাবরণ সৌন্দর্যের সঙ্গে ভাবনার স্বাভাবিক ভঙ্গি যেন এক প্রশান্ত অনুভূতির জন্ম দিয়েছে।
অভিনয়ের পাশাপাশি নিজস্ব স্টাইল ও সৌন্দর্যবোধ দিয়ে বারবার আলোচনায় আসা আশনা হাবিব ভাবনা যে ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন, এই ছবিগুলোই তার প্রমাণ।
এএডি/