রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। দলীয় প্রধানের এ জনসভায় নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে (হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়) এ জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর মধ্যে তিনি রাজশাহী পৌঁছেছেন।
জনসভাস্থলে প্রবেশে প্রদান ফটকে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী ছাড়া নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস, মাইক্রোসহ বিভিন্ন যান ব্যবহার করে আসা নেতাকর্মীরা মহানগরীর প্রবেশমুখে এসে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক ধানের শীষ শোভা পাচ্ছে। আবার দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পরে এসেছেন বহু নেতাকর্মী।
নাটোর থেকে আসা আবদুর রহমান বলেন, আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি। এরপর বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার এ সুযোগ হাতছাড়া করতে চাইনি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন উর রশিদ বলেন, তারেক রহমানকে মর্যাদার সঙ্গে বরণ করা হবে। বিএনপির ঘাঁটি রাজশাহী। মানুষের শক্তি বিশ্ববাসীকে দেখানো হবে। এমন সমাবেশ হবে যেন সবাই ধানের শীষে ভোট দেয়। প্রত্যেক অঙ্গ সংগঠন স্লোগানের মাধ্যমে উত্তাল করবে। এই জনসভার মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।
এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে। এর পাশাপাশি বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
আরআর