এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্তপর্বকে সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত এই স্কোয়াডে চারজন নতুন খেলোয়াড়কে জায়গা দেওয়া হলেও ব্রাত্যই থেকে গেছেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানীর মতো অভিজ্ঞ তারকারা। মূলত কোচ পিটার বাটলারের ছক ও দলের অভ্যন্তরীণ সমীকরণে অভিজ্ঞদের ফেরার পথ আপাতত বন্ধই থাকছে।
প্রাথমিক দলে চমক হিসেবে এসেছেন চার ফুটবলার। বিকেএসপির উম্মে কুলসুম এবং অনূর্ধ্ব-২০ দলের লেফটব্যাক নাদিয়া আক্তার জ্যোতি এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন। এ ছাড়া সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী এবং বিকেএসপির উন্নতি খাতুনকে নিয়ে আক্রমণভাগ ও রক্ষণ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট।
সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেও সাবিনা, কৃষ্ণা, মাতসুসিমা সুমাইয়া ও মাসুরা পারভীনদের ভাগ্য ফেরেনি। গত বছরের জানুয়ারি মাসে কোচের বিরুদ্ধে ১৮ জন ফুটবলারের সেই বিদ্রোহের রেশ যেন এখনও কাটেনি। তহুরা-ঋতুপর্ণারা দলে ফিরলেও সাবিনাদের বিষয়ে কোচ পিটার বাটলার শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছেন। এবারের দল নির্বাচনেও তার সেই অনড় মনোভাবের প্রতিফলন দেখা গেছে।
২৯ সদস্যের প্রাথমিক দল : শামসুন্নাহার (সিনিয়র), আইরিন খাতুন, মনিকা চাকমা, সুরমা জান্নাত, মারিয়া মান্দা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, উমেহলা মারমা, শামসুন্নাহার (জুনিয়র), রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, সিনহা জাহান শিখা, আফিদা খন্দকার, তানিমা বিশ্বাস, শিউলি আজিম, রুমা আক্তার, স্বপ্না রানী, হালিমা আক্তার, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, ঋতুপর্ণা চাকমা, উম্মে কুলসুম, নাদিয়া আক্তার জ্যোতি, নাবিরন খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, মোসাম্মৎ ফেরদৌসী আক্তার সোনালী, উন্নতি খাতুন এবং কোহাতি কিসকু।
সময়ের আলো/জেডআই