প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম আপডেট: ৩০.০১.২০২৬ ৫:০৭ এএম
ফাইল ছবিকিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে একই ঘটনায় নিহত কামালের ছেলে কাকন (১৮) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত কামাল কটিয়াদী উপজেলার পশ্চিম ভিটাদিয়া গ্রামের মৃত খোরশেদ উদ্দিনের ছেলে ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
জানা যায়, বৃহস্পতিবার সকালে জমির আইল কাঁটাকে কেন্দ্র করে বড় ভাই জামাল উদ্দিনের সঙ্গে নিহত কামালের মারামারি হয়। এ সময় কামালের মাথায় ও তার ছেলে কাকনের হাতে টেঁটা বিদ্ধ হয়ে মারাত্মক জখম হন। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যান।
এ বিষয়ে অভিযুক্ত জালাল উদ্দিন মুঠোফোনে জানান, ১৭ বছর ধরে জমি ও দোকান নিয়ে বিরোধ চলে আসছে। পিতার জীবদ্দশায় জমি ভাগ করে দিলেও তারা জোর পূর্বক আমার জমি ভোগ করে আসছে। বৃহস্পতিবার সকালে আমার জমির আইল কাঁটলে আমার ছেলে বাধা দেয়। কামাল মেম্বার আমার ছেলে সাদ্দামকে ঢিল মারে। পরে তার টেঁটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার অনিক বলেন, টেঁটাবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বলেন, জমিসংক্রান্ত বিরোধে দুইজন টেঁটাবিদ্ধ হয়েছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হওয়া খবর পেয়েছি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/আআ