শেরপুর সদর থানায় কর্মরত শাহিনুল ইসলাম (৪৩) নামে পুলিশের এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে থানার অদূরে শহরের গৃর্দানারায়নপুর ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সদস্য শাহিনুল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, প্রায় সাত মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন এএসআই শাহিনুল ইসলাম। সদর থানার অদূরেই একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে তিনি থাকতেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি যান।
এদিকে এএসআই শাহীনুল বেলা দুইটার দিকে থানায় ডিউটি শেষে বাসায় ফিরেন। তবে এর কিছু সময় পর স্ত্রী তাকে ফোন দিলে ফোন ধরছিলেন না শাহিনুল। পরে মাকসুদা স্বজনদের নিয়ে রাতে বাসায় ফিরে শাহিনুলের কক্ষ ভেতর থেকে আটকানো দেখেন। এসময় জানাল ফাঁক দিয়ে স্বামীকে গ্রিলের সাথে ঝুলতে দেখে দরজা ভেঙে ঘরে ঢুকেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ওই মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্ত্রী মাকসুদার বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, শাহীনুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি ২০১১ সাল থেকে নিয়মিত মানসিক ডাক্তার দেখাতেন এবং ওষুধ খেতেন।
এফআর