লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে, আমরা দোসর নাকি অন্য কেউ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
রাঙ্গা বলেন, আমিতো ফ্যাসিস্ট! আওয়ামী লীগ সরকারের সঙ্গে মন্ত্রী সভায় ছিলাম। এটা কি ভাবে অস্বীকার করি! আমি ছিলাম, জিএম কাদের সাহেবসহ আরও অনেক ছিল। আমাদের হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলা হত। তারপরেও রংপুরে ২২টি আসনের মধ্যে ২১ আসনে জয়লাভ করেছেন এবং পরের বার আবারও পাঁচটি আসন জয়লাভ করেছে স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদ। সুতরাং মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে আমারা দোসর না অন্য কেউ।
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, তারা (বিএনপি-জামায়াত) স্বার্থ হাসিলের জন্য নিজেরা নিজেরাই মারামারি করছে। আমাদের ব্যানার-পোস্টার লাগালে তারা ছিঁড়ে ফেলছে।
লাঙ্গলের প্রার্থী মশিউর রহমান রাঙ্গা অভিযোগ করেন, আমাদের সনাতনী ভাই-বোনদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তারা কোথাও বের হতে পারছে না। আমার মিটিংয়ে আসলে তাদের বাধা প্রদান করা হচ্ছে। হিন্দুদের ১২ তারিখের পর কেটে ফেলার হুমকি দিচ্ছে তারা। তারা গায়ের জোরে ভোট চাচ্ছে। তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কেমন করে হবে।
এফআর