নির্বাচনে ইইউসহ ১৬ দেশ থেকে আসছে ৫৭ পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদবিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। দ্বিপক্ষীয়

2026-01-30T22:41:01+00:00
2026-01-30T22:41:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচনে ইইউসহ ১৬ দেশ থেকে আসছে ৫৭ পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম 
নির্বাচনে ইইউসহ ১৬ দেশ থেকে আসছে ৫৭ পর্যবেক্ষক। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদবিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনবিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

শুক্রবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

উপ-প্রেস সচিব জানান, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক, দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এ ছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১ জন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জলাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয়ে সহায়তাকারী জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, এ পর্যন্ত প্রায় ৪০০ জন নির্বাচন পর্যবেক্ষকের আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে। শিগগির আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করছি।
কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানার আকুফো-আদ্দো। এই দলে আরও রয়েছেন- মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহদ রাজি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এই মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য থাকবেন- লুকাস মান্ডল (অস্ট্রিয়া), লোরান্ত ভিনচে (রোমানিয়া), তোমাশ জ্দেখোভস্কি (চেকিয়া), লেইরে পাইইন (স্পেন), শেরবান দিমিত্রিয়ে স্তুর্দজা (রোমানিয়া), মাইকেল ম্যাকনামারা (আয়ারল্যান্ড) এবং ক্যাটারিনা ভিয়েরা (নেদারল্যান্ডস)।


জাতীয় সংসদের ৩০০ আসনে এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দলের প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে ‘জুলাই সংস্কার সনদ’ নিয়ে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সংসদ নির্বাচন  জুলাই সনদ  গণভোট  পর্যবেক্ষক  ইউরোপীয় ইউনিয়ন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: