বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দেশের ১৫১ জন বন্দিবিনিময় করা হয়েছে। এর মধ্যে ভারত থেকে ছাড়া পেয়েছেন ১২৮ বাংলাদেশি জেলে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড।
সংস্থাটির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ এবং ২৩ অক্টোবর দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন জেলেকে আটক করে।
অপরদিকে, গত বছরের ১৬, ১৭, ১৯ এবং ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এ বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইসঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।
এফআর