আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধানের শীষের প্রচারণায় সারা দেশে ঘুরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ জেলায় সফরে যাচ্ছেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।
এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’
উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত হয়েছিলেন।
সময়ের আলো/এনএ