জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করবে জানিয়ে মাহদী আমিন বলেন, যারা মেধাবী তাদের জন্য যুতসই সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এ বিষয়গুলো রেখেছেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে। ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপ্যাল আনতে এরইমধ্যে কাজ শুরু করেছে বিএনপি।
এসময় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, ৯৫ শতাংশ জনগণকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনতে চায় বিএনপি। সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে ন্যাশনাল ই-ওয়ালেট চালু করবে বিএনপি। এ বিষয়গুলো বিএনপির নির্বাচনী ইশতেহারে স্থান পাবে।
সময়ের আলো/জেডআই