বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের লোকদের নিয়ে সৌহার্দ্যের একটা বাংলাদেশ গড়বো। আমরা কোনো হিন্দু ভাইদের ক্ষতি হতে দেব না। আমরা কোনো নিরপরাধ আওয়ামী লীগ কর্মীকে হয়রানির শিকার হতে দেব না। তাই আমাকে হিন্দু ও আওয়ামী লীগের দালাল বলে। যে যাই বলুক, আমি বলবো ধর্ম যার যার রাষ্ট্র সবার।
শনিবার (৩১ জানুয়ারি) সদর উপজেলার আখানগর ইউনিয়নের পাহাড়ভাঙ্গা হাই স্কুল মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর প্রতি অভিযোগ করে তিনি বলেন, তারা জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। ধর্মকে পুঁজি করে তাদের স্বার্থ হাসিলের পাঁয়তারা করছে। ইসলাম কি তাদের একার নাকি। শুনেছি বিভিন্ন জায়গায় তারা ভোটারদের বিকাশ নম্বরসহ বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়ে ভোট কিনতে চাইছে। জামায়াতে ইসলাম মুখে অনেক কথাই বলছে, কিন্তু বাস্তবতার সাথে এসবের কোনো মিল নেই। বিএনপি ক্ষমতায় গেলে রাসুলুল্লাহর দেখানো পথে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে।
মির্জা আলমগীর বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের উন্নয়নে অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন। আমাদের কৃষকরা সব সময় অবহেলিত হয়। যেসব কৃষকদের ঋণ আমরা সুদসহ মওকুফ করবো। আমাদের গ্রামীণ মা বোনেরা অনেক কষ্ট করে পরিবার চালায়। আমাদের সেসব মা বোনেদের যাদের এনজিও ঋণ রয়েছে, আমরা সেসব ঋণও মওকুফ করে দেব।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আল্লাহ কোনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তারা তাদের সীমা অতিক্রম করে ফেলেছিল। শেখ হাসিনা বলেছিল, তারা দেশ ছেড়ে পালায় না। অথচ তাকেই আজ দেশ ছেড়ে পালাতে হলো।
এবারেই শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদিন আপনাদের সাথে নির্বাচন করেছি, কখনো জিতেছি কখনো হেরেছি, আপনাদের ছেড়ে যাইনি। বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি। তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ