সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হলো সবার জন্য কালচারাল স্পেস উন্মুক্ত করা। একটি রিপাবলিকে ভিন্ন মত ও ভিন্ন বিশ্বাসের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভিন্নমতকে শত্রুতা হিসেবে দেখার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, ‘আমাদের অনেক ক্ষেত্রে অবশ্যই ব্যর্থতা আছে। আবার অনেক ক্ষেত্রে সফলতা আছে। সেটা আমি মনে করি দশ পনেরো বছর পরে ইতিহাস বিচার করবে যে আমরা আসলে কি করতে চেয়েছি বা কি করতে পেরেছি। কালচারালি আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, কে কোন জাতিগোষ্ঠীর, কে বাঙালি, কে চাকমা, কে মারমা এ বিভাজন আমরা করতে চাইনি। আমরা প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসতে চেয়েছি।’
তিনি আরও বলেন, যে কোনো জাতির জন্য সামনে যাওয়ার রাস্তা দেখায় পেছনের রাস্তা। পেছনের রাস্তাটা যদি আমরা সব সময় খেয়াল রাখি যে আমরা কোথা থেকে এখানে আসলাম, কেন আজকে আমরা চব্বিশে এ রকম একটা বড় গণঅভ্যুত্থানের মুখোমুখি হলাম। এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা আমাদের সামনের রাস্তা খুঁজে পাব যে সামনে কী কী করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বা যে কোনো জাতির ইতিহাসেই এর নানান রকমের ন্যারেটিভ থাকে। বাংলাদেশের চব্বিশে যে গণঅভ্যুত্থান হয়েছে এই গণভুত্থানটাকে আমি মনে করি একটা সাংস্কৃতিক ঘটনা। সাংস্কৃতিক ঘটনা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে, এটা অবশ্যই একটা পলিটিক্যাল এক্সপ্রেশন ছিল গণভুত্থান। কিন্তু এর ভেতরে যে ক্ষোভ ছিল সেটি সাংস্কৃতিক ক্ষোভ। এই ক্ষোভকে যদি আমরা শনাক্ত করতে ভুল করি তাহলে আমরা সামনের রাস্তাও খুঁজে পাবো না।’
ফারুকী বলেন, ‘নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার জন্য লড়াই ছিল চব্বিশের লড়াই। এটা যেন আমরা ভুলে না যাই। আপনি একটা জাতিকে বেশিদিন পরাধীন রাখতে পারবেন না। যত রকম ন্যারেটিভ, কালচারাল ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের চেতনা নানান কথা বলেন। কিন্তু তাকে আপনি পরাধীন বেশিদিন রাখতে পারবেন না। এটা এখনো পারবেন না, ভবিষ্যতেও পারবেন না। অতীতেও পারা সম্ভব হয় নাই।’
এর আগে, সকাল দশটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার ও কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, একুশের গান ও উৎসব সংগীতের মাধ্যমে জাতীয় কবিতা উৎসব শুরু হয়।
সময়ের আলো/এনএ