ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে বিএনপির ধানের শীষ এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী নেই। এসব আসনে উভয় জোটের শরিক দলগুলোই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসনগুলো হলো- সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নারায়ণগঞ্জ-৪ ও কুমিল্লা-৪।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট-৫ আসনে বিএনপি-সমর্থিত ৯ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রার্থী হয়েছেন।
তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। একই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান দেয়াল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচনে অংশ নিয়েছেন। তার বিপরীতে ১১ দলীয় ঐক্য থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে লড়ছেন আশরাফ উদ্দীন, যিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসেন কাসেমী প্রার্থী হয়েছেন। একই আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন শাপলা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে কুমিল্লা-৪ আসনে শুধুমাত্র এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচনী দৌড়ে রয়েছেন। এ আসনে রোববার বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ায় ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী থাকছে না।
এএডি/