নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজধানীর হাজারীবাগ এলাকায় ঢাকা-১০ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকারের দাঁড়ি পাল্লা প্রতীকের প্রচারণা সামগ্রী জব্দ করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) হাজারীবাগের আম্বিয়া মসজিদের নিচে অবস্থিত ঢাকা-১০ আসনের একটি নির্বাচনী অফিস থেকে বিপুল পরিমাণ রঙিন পিভিসি ফেস্টুন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত এসব প্রচারণা সামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ফেস্টুনগুলো নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির পরিপন্থী হওয়ায় আইন অনুযায়ী সেগুলো নষ্ট করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো প্রার্থী বা সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।
সময়ের আলো/এনএ