নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কাজ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। যদি কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় তার অবস্থা খুব খারাপ হবে বলে জানান তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। সবকিছু খোলামেলাভাবে করবেন, কোনো লুকাছাপা নেই।
নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে। আমাদের পছন্দ-অপছন্দ ব্যক্তি নাগরিকের ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। আর কোথাও নয়। আমি যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করছি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোনো ছোট দল বড় দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নেই এবং সবাইকে সমান ভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে।
এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেছেন তা প্রমাণিত হয় তাহলে পরিনতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দৃঢ়ভাবে কাজ করতে হবে। আপনি দৃঢ় থাকলে কেউ সুযোগ নেবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, মধ্য পন্থা অবলম্বন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সময়ের আলো/এসকে/জোআই/