গত তিন বছর ধরে ঈদে কোনো সিনেমা নেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। যদিও এর মধ্যে একাধিক মুক্তিও পেয়েছে কিন্তু সেগুলো ঈদে নয়। এবার সেই বিরতি ভেঙে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘মালিক’। শুটিং, ডাবিং শেষ করে এখন চলছে এর পোস্ট-প্রোডাকশন কাজ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন।
তিনি বলেন, সিনেমাটির শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। শুটিং শেষ, এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।
‘মালিক’ সিনেমায় মিমের সঙ্গে জুটি বেঁধেছেন আরিফিন শুভ। এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হবেন তারা। এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেছিলেন। চার বছর পর আবার জুটি বেঁধেছেন শুভ-মিম।
‘মালিক’ সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে রাজশাহী ও নাটোর অঞ্চলে। সিনেমাটির গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন
‘মালিক’ সিনেমা টিমের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিনেমার জন্য প্রস্তুতি নিতে মিম টানা দেড় মাস মহড়া করেছেন। শুধু অভিনয় নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রস্তুতি নিতে আরিফিন শুভও একই রকম সময় দিয়েছেন।
মালিক সিনেমা ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে মিমের ‘দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। এদিকে ‘মালিক’ সিনেমার শুটিং শেষ করে চলতি বছরে আরেকটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন মিম। তিনি আলভী আহমেদের ‘জীবন অপেরা’ সিনেমায় জুটি বাঁধছেন শরীফুল রাজের সঙ্গে। সিনেমাটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। এর আগে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় দেখা গিয়েছিল তাদের।
অন্যদিকে মিম দীর্ঘ ছয় বছর পর আবারও বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে। ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তারা। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মে কাজ করছেন মিম। সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ।
এএডি/