ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
এর মধ্যে ৫ হাজার ৬৮৬ প্রবাসী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটার রয়েছেন ১৩ হাজার ৮৪ জন। ইতিমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। ভোটাররা নিজেদের পছন্দমতো ভোট দিয়ে ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা ফেরত পাঠাবেন।
সাতক্ষীরা জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ এবং মহিলা ভোটারের সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৩ জন বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
সূত্র জানায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন। এ আসনে ৫ হাজার ৮৫৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ হাজার ৫৬ জন প্রবাসী ভোটার। যার মধ্যে ১ হাজার ৯৮১ জন পুরুষ এবং ৭৫ জন মহিলা। এ ছাড়া দেশে থাকা কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৯৯ জন। যার মধ্যে ২ হাজার ৮৭২ জন পুরুষ ও ৯২৭ জন মহিলা।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-তালা) আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৫৪ জন। এর মধ্যে ৬ হাজার ২৪৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ১ হাজার ৬৯৪ জন। যার মধ্যে ১ হাজার ৬০১ জন পুরুষ এবং মহিলা ৯৩ জন। এ ছাড়া দেশের কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটারের সংখা ৪ হাজার ৫৫০ জন। যার মধ্যে ৩ হাজার ২৩৬ জন পুরুষ ও ১ হাজার ৩১৪ মহিলা। এ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে।
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ২২১ জন। এই আসনে ৪ হাজার ৪৬২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ১ হাজার ২৩৫ জন। যার মধ্যে ১ হাজার ১৯৮ জন পুরুষ এবং মহিলা ৩৭ জন। এ ছাড়া দেশের কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার নিবন্ধন করেছেন ৩ হাজার ২২৭ জন। যার মধ্যে ২ হাজার ৫১৯ জন পুরুষ এবং ৭০৮ জন মহিলা।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মোট ভোটার ২ লাখ ৯৮ হাজার ৫২ জন। এর মধ্যে ২ হাজার ২০৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৭০১ জন। যার মধ্যে ৬৬৫ জন পুরুষ এবং ৩৬ জন মহিলা। এ ছাড়া দেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটার ১ হাজার ৫০৮ জন নিবন্ধন করেছেন। যার মধ্যে ১ হাজার ১৫০ জন পুরুষ ও ৩৫৮ জন মহিলা।
পোস্টাল ব্যালটের বিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের নিবন্ধন শেষে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে। নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, জেলায় মোট ৬০৯টি কেন্দ্রের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩ হাজার ৪১০টি কক্ষে ভোটগ্রহণ হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এফআর