সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘আবুধাবি ডায়ালগ ২০২৬’-এ অংশ নিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা জটিলতা নিরসনে সে দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (১ ফেব্রুয়ারি) আবুধাবি সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন তিনি। বক্তব্য প্রদানের পাশাপাশি আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সেখানে আসিফ নজরুল সরকারের সাম্প্রতিক উদ্যোগসমূহ তুলে ধরেন। যার মধ্যে রয়েছে ১০০ শতাংশ ডিজিটাল ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সার্ভিস জোরদার, দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ।
আসিফ নজরুল অভিবাসনের ক্ষেত্রে অভিবাসীদের নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কাজ ও মানবিক মর্যাদা রক্ষায় যৌথ প্রতিশ্রুতির ওপর জোর দেন।
মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠককালে উপদেষ্টা দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেন।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিতকরণ নীতির কারণে বাংলাদেশ থেকে আমিরাতে শ্রমিক প্রবাহ কমে এসেছে উল্লেখ করে তিনি জানান, আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ভিসাজনিত নানা সমস্যা মোকাবিলা করেছেন। বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা জটিলতাসমূহ নিরসন করতে তিনি মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বিশেষ করে তিনি ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসাজনিত সমস্যাগুলোর আশু নিরসনে তাকে বিশেষভাবে অনুরোধ জানান।
গত ৩১ জানুয়ারি উপদেষ্টা পাকিস্তানের ফেডারেল মন্ত্রী (প্রবাসী এবং মানবসম্পদ উন্নয়ন) চৌধুরী সালিক হোসাইন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ ও অভিবাসী কল্যাণে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সময়ের আলো/এনএ