হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী রুবিনা দিলাইক আবারও শিরোনামে। তবে এবার কোনো নতুন কাজ নয়, ইনস্টাগ্রামে দেওয়া একটি ছোট্ট ভিডিও ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওতে হঠাৎ করে নিজেকে ‘প্রেগন্যান্ট’ বলে ঘোষণা দিয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, প্রিন্টেড শাড়ি পরা রুবিনা ক্যামেরার সামনে এসে কিছুটা ইতস্তত ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলছেন। কয়েক সেকেন্ড নীরবতার পরই হেসে বলে ওঠেন- ‘আমি প্রেগন্যান্ট।’ ঠিক এই মুহূর্তেই ভিডিওটি শেষ হয়ে যায়, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ভিডিও প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে অভিনন্দনের বন্যা বইতে শুরু করে। অনেক ভক্তই ধরে নিয়েছেন, সুখবর দিতে যাচ্ছেন অভিনেত্রী। তবে নেটিজেনদের একটি বড় অংশ পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন। তাদের ধারণা, ভিডিওটির আকস্মিকতা এবং অসম্পূর্ণতা ইঙ্গিত দিচ্ছে এটি কোনো ব্র্যান্ড ক্যাম্পেইন, নতুন শো কিংবা বিশেষ প্রজেক্টের প্রচার হতে পারে।
আরও পড়ুন
এ নিয়ে আরও প্রশ্ন উঠেছে একটি বিষয় ঘিরে- ভিডিওতে রুবিনা তার স্বামী অভিনব শুক্লাকে ট্যাগ করেননি বা কোনো উল্লেখও করেননি, যা সাধারণত এমন ঘোষণার ক্ষেত্রে দেখা যায়। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
৩৮ বছর বয়সী রুবিনা দিলাইক ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে। অভিনয়ে আসার পথে পারিবারিক আপত্তির মুখে পড়লেও পরে ‘শক্তি- অস্তিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। ছোট পর্দায় সাফল্যের পর তিনি বলিউডেও কাজ করেছেন।
রুবিনার এই ঘোষণা সত্যিই ব্যক্তিগত জীবনের সুখবর, নাকি পরিকল্পিত কোনো প্রচারণা- সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। ভক্তদের আপাতত অপেক্ষায় থাকতেই হচ্ছে পরবর্তী ঘোষণার জন্য।
এএডি/