‘নির্বাচনের দায়িত্বে বেইমানি বরদাশত করা হবে না’

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নির্বাচনের পবিত্র

2026-02-02T22:40:14+00:00
2026-02-02T22:40:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘নির্বাচনের দায়িত্বে বেইমানি বরদাশত করা হবে না’
চট্টগ্রামের ডিসি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম   (ভিজিট : ১২১)
বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি : সময়ের আলো
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে কোনো ধরনের বেইমানি বরদাশত করা হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম এবং এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ব্যক্তিগতভাবে কারও কোনো দলের প্রতি ভালোবাসা থাকতেই পারে। তবে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেই ভালোবাসা প্রকাশ করা যাবে না। ভালোবাসা থাকতে হবে কেবল রাষ্ট্রের প্রতি এবং নিজের সাংবিধানিক দায়িত্বের প্রতি।

শতভাগ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, এবারের নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ কার্যক্রম সুরক্ষা অ্যাপ, সিসিটিভি ক্যামেরা এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, বহু রক্তের বিনিময়ে দেশ আজকের অবস্থানে এসেছে। এই রক্তের ক্ষত মেরামতের সময়ে কোনোভাবেই বিবেক বিক্রি মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের দায়িত্ব পালনে সামান্য শৈথিল্য কিংবা অসততা থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের উদ্দেশ্যে চট্টগ্রামের ডিসি আরও বলেন, ভোট গ্রহণের দিন নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে দায়িত্ব পালন করতে হবে। কারণ এই দেশেই তাদের সন্তান ভবিষ্যতে বড় হবে। আজকের দায়িত্ব পালনের মধ্য দিয়েই নির্ধারিত হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন দেশ রেখে যাওয়া হচ্ছে।


গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের মধ্যে এ বিষয়ে জানার আগ্রহ থাকবে। তাই ভোটগ্রহণকারী কর্মকর্তাদের গণভোট সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং ভোটারদের সঠিক তথ্য জানাতে হবে।

এ সময় তিনি সতর্ক করে বলেন, বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়ার বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ, আনসার ও ভিডিপির পরিচালক এবং জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাক আহমদ এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

দিনব্যাপী এই প্রশিক্ষণে সাতকানিয়া উপজেলার ১২৬ জন প্রিজাইডিং অফিসার, ৭১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৪২০ জন পোলিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ আইন, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও গণভোট পদ্ধতি এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এফআর



  বিষয়:   চট্টগ্রাম  ডিসি  নির্বাচন  দায়িত্ব  বেইমানি  বরদাশত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: