চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তার মনোনয়নপত্র সংক্রান্ত চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত ঘোষণা স্থগিত থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের দেওয়া আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেওয়া হয়।
শুনানিকালে আসলাম চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরদিকে ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।
/ইউএমএইচ