আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির নির্বাচনী ইশতেহার কবে ঘোষণা করা হবে এমন প্রশ্নের জবাবে ড. মাহদী আমিন বলেন, ‘আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের ৩১ দফা নিয়ে ২৭ দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে আগামী শুক্রবার আমরা ইশতেহার ঘোষণা করতে পারি।’
এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জানান, গত এক সপ্তাহেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।
সময়ের আলো/এনএ