এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ২৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
জানা গেছে, হালদা নদীর ওই স্থানে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা একটি মৃত ডলফিন ভাসতে দেখে। পরে নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর মদুনাঘাট এলাকার দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি উদ্ধার করে।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করে জানান, উদ্ধার করা ডলফিনটির ওজন আনুমানিক দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ এক ফিট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২-৩ বছর হতে পারে।
তিনি আরও জানান, ৩/৪ দিন আগে এটি জালে আটকে পড়ে বা শক্ত বস্তুর সাথে আঘাত পেয়ে এটি মারা গিয়ে থাকতে পারে। ইতোমধ্যে শরীরে পচন ধরে গেছে, তবে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী অভিযোগ করে জানান, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিলচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে হালদা নদীতে ডলফিন বা শুশুকের মৃত্যুর পরিমাণ বাড়ছে। যা হালদা নদীর জীববৈচিত্রের জন্য হুমকি। উদ্ধার করা মৃত ডলফিনটি হালদা পাড়ে মাটি চাপা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এফআর