বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা হলেও, বার বার ভারতের পক্ষে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে আইসিসির বিরুদ্ধে! এভাবে চলতে থাকলে একটা সময় ক্রিকেট অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
সবকিছু বিবেচনায় আলাদা সংস্থা খোলার প্রয়োজনীয়তা দেখছেন তিনি। আসিফ বলেন, ক্রিকেটীয় স্পিরিট টিকিয়ে রাখতে আলাদা ক্রিকেট সংগঠন প্রয়োজন।
‘সাউথ এশিয়া ইনডেক্স’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের টুইট শেয়ার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। যেখানে বলা হয়– বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে।
পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে– পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে গর্তে পড়েছে আইসিসি। বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত বদলাতে বিশ্ব ক্রিকেট সংস্থাটি পিসিবির পাকিস্তানের দ্বারস্থ হয়েছে।
ওই রিটুইটের ক্যাপশনে খাজা আসিফ লিখেছেন, ‘ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্র লোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি।’
ডন আরও জানিয়েছে, বিশ্বকাপ সূচিতে থাকা ভারত-পাকিস্তান ম্যাচের ১৫ দিন আগেই এলো বয়কটের ঘোষণা। এর মধ্য দিয়ে সম্ভাব্য বিকল্প ভাবতে আইসিসির হাতে যথেষ্ট সময় আছে বলে মনে করে পাকিস্তান। একাধিক ক্রিকেট বোর্ডও আইসিসিকে সহায়তা করছে, যাতে পিসিবির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো যায়। বৃহৎ আর্থিক লোকসান এড়ানোর লক্ষ্যে আইসিসি দরজার আড়ালে পিসিবির সঙ্গে কথা চালাচালি করছে।
সময়ের আলো/এআর