নির্বাচনি পথসভায় উপস্থিত লোকজনদের আপ্যায়নে খিচুড়ি রান্নার অভিযোগে জয়পুরহাট–২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী মো. আব্দুল বারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) জেলা নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ এ নোটিশ জারি করেন।
নোটিশে আগামী ৮ ফেব্রুয়ারি কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আব্দুল বারীকে (প্রার্থী) লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির শোকজের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন।
তবে তিনি অভিযোগ করে বলেন, আমি পথসভা ও খিচুড়ি রান্না বিষয়ে অবগত ছিলাম না। কেউ হয়ত আমাকে বিতর্কিত করতে এমন কাজ করছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের মিনিগাড়ী বাড়ির উঠানে খিচুড়ি রান্না করা হচ্ছিল। তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না করা হয়েছে। আরও দুটি বড় পাতিলে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। তবে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির লোকজন দেখে রান্নার দায়িত্বে থাকা লোকজন পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে কমিটি জানতে পারে, এই আসনের বিএনপির দলীয় মো. আব্দুল বারীর নির্বাচনি পথসভা রয়েছে। পথসভায় উপস্থিত লোকজনদের আপ্যায়ন করতে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে তিনটি বড় পাতিলে রান্নাকৃত খিচুড়ি ও অব্যবহৃত চাল-ডাল, তেলসহ রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন মশলা জাতীয় উপাদান জব্দ করা হয়। জব্দকৃত খিচুড়ি ও অন্যান্য উপাদান বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
শোকজ নোটিশে আরও বলা হয়, নির্বাচনি সময়ে এ ধরনের খাবারের আয়োজন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭৩(ক) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এতে প্রার্থী মো. আব্দুল বারীকে আগামী ৮ ফেব্রুয়ারি লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে, একতরফা আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
এফআর