শবেবরাতে মাংস বিক্রির উদ্দেশ্যে ভোলার মনপুরায় চর থেকে মহিষ চুরি করে এক যুবক। তবে শেষ রক্ষা হয়নি। চার বস্তা মাংসসহ অভিযুক্ত বাগন আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাগন আলী উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা শহাজাহান রাঢ়ীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন পাকা সড়কের ওপর অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এসময় অটোরিকশায় থাকা চার বস্তায় চোরাই মহিষের ৮০ কেজি ২০০ গ্রাম জবাইকৃত মাংসসহ একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এদিন দুপুর তিনটায় আটককৃত বাগন আলীসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এফআর