জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ভারতের তৈরি ম্যালওয়্যার দিয়ে হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডেলের একটি পোস্টকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে সংবাদ সম্মেলন করে দলটি।
সিরাজুল ইসলাম জানান, একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত হয়ে একের পর এক সাইবার হামলা করছে।
এসময় তিনি ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে জামায়াত নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেও সংবাদ সম্মেলনে জানান সিরাজুল ইসলাম।
এর আগে গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের প্রতি অসম্মানমূলক একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে, আধুনিক পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করে কর্মজীবী নারীদের প্রতি চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়।
পরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে দলটির নির্বাচনী প্রচার টিম।
এদিকে, জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সময়ের আলো/কেএইচও