আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে নগরের বান্দ রোডের বেলস পার্কের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা। দীর্ঘ দুই যুগ পর তারেক রহমানের আগমন ঘিরে বিরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা ছুটে আসছেন।
এজন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। এদিন সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে জড়ো হতে দেখা যায়।
অনুষ্ঠানস্থলের মাঠ জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
এদিন দুপুর ১২টায় এখানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সূত্র জানিয়েছে, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকেই ফজরের নামাজ শেষে মাঠে অবস্থান নেন। নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে আসা কর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে মাঠে প্রবেশ করছেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন। বেলা ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
সময়ের আলো/এনএ