বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, আমাদের সবারই নানা ধরনের সমস্যা রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব। আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি- আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা উল্লেখ করে জুবাইদা বলেন, করাইল সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দুইজন পোশাকশ্রমিক এবং একজন পরিবহন শ্রমিকের কাছ থেকে তাদের হৃদয়বিদারক সমস্যার কথা তিনি শুনেছেন। এসব সমস্যা সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়নে বিশ্বাস করে। মেধাভিত্তিক চাকরি, ন্যায্য অধিকার এবং শোষণের আগে সুবিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি, যেখানে নেতার আগে জনতা।
সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আপনাদের সমস্যাগুলো আরও মনোযোগ দিয়ে শুনবো, জানবো এবং সমাধানের পথ খুঁজবো। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।
সময়ের আলো/জেডআই