কুমিল্লার দাউদকান্দিতে সাঈদ ভুঁইয়া (২৩) নামে এক যুবককে হাঁস চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম এ তথ্য জানান।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাঈদ ভুঁইয়া ওই গ্রামের আলাউদ্দিন ভুঁইয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই মো. জসিম মিয়া (৩৫) ও মো. ওমর সানিকে (৩০) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিনের বেলা মালিগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার হাঁস চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত সাঈদের বাবার কাছে ছেলের নামে হাঁস চুরির অভিযোগ করেন রাজ্জাক। এসময় সাঈদের বাবা অভিযোগকারী রাজ্জাক মিয়াকে বলেন, যদি আমার ছেলে হাঁস চুরি করে থাকে, তবে সে বাড়িতে এলে আমি বিচার করব এবং হাঁসের ক্ষতিপূরণ দিয়ে দেব। এতে রাজ্জাক মিয়া উত্তেজিত হয়ে চলে যান।
পরবর্তীতে ওই দিন রাত ১১টার দিকে স্থানীয় কয়েকজন সাঈদকে আটক করে হাঁস চুরির অপবাদ দিয়ে মারধর করে। এতে গুরুতর আহত হলে গ্রামের আলমের মুদির দোকানের সামনে সাঈদকে ফেলে রাখে যায় তারা।
খবর পেয়ে সাঈদের বাবা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ছেলেকে উদ্ধার করেন। দ্রুত তাকে প্রথমে মালিগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে নিহত সাঈদের লাশ উদ্ধার করে।
ওসি এম আব্দুল হালিম জানান, হাঁস চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এফআর