মাটির নিচে অবস্থিত নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে ঘাঁটির তথ্য প্রকাশ করে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুলরহিম মুসাভি এবং আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার সাইয়্যেদ মজিদ মুসাভি ঘাঁটিটি পরিদর্শন করেন। এ সময় ঘাঁটির কার্যক্রম ও সক্ষমতা তাদের সামনে উপস্থাপন করা হয়।
পরিদর্শনকালে আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সামরিক সক্ষমতা ও অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডারদের কৌশলগত ইউনিটগুলোর অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।
ঘাঁটিতে দেওয়া বক্তব্যে মেজর জেনারেল মুসাভি বলেন, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে সব প্রযুক্তিগত মাত্রায় আধুনিকায়ন করেছে এবং এর মাধ্যমে দেশের প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও জানান, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার পর ইরান তার সামরিক মতবাদে পরিবর্তন এনেছে। আমরা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে চলে এসেছি। এখন আমরা বজ্রগতির এবং বৃহৎ পরিসরের অভিযানের পাশাপাশি অসম যুদ্ধ ও শত্রুপক্ষের সামরিক কৌশল চূর্ণ করার পদ্ধতি অনুসরণ করছি, বলেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হলেও কোনো সমাধান না এলে সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে। একই সুরে মেজর জেনারেল মুসাভি বলেন, যুক্তরাষ্ট্র সামান্যতম ভুল করলে ইরান পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবে। তখন এই অঞ্চলে কোনো আমেরিকান নিরাপদ থাকবে না।
/ইউএমএইচ