জাতীয় সংসদ নির্বাচনের পর যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তিনি লিখেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থেকে যাবে বলে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এরাই কয়েকদিন আগেও নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা করেছে। এখন যখন দেখছে নির্বাচন যথাসময়ে হচ্ছে, তখন তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে হাজির হয়েছে।
এদের এই রকম অসৎ প্রপাগান্ডায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন জানিয়ে উপ-প্রেস সচিব আরও লিখেন, বাস্তবে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে সরকার।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/এনএ