আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ জানিয়ে ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে, তরুণ প্রজন্মের পক্ষে ভোট দেবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগের সময় ভোটারদের হাতে দলীয় প্রতীক শাপলা কলি মার্কায় ভোট চেয়ে লিফলেট তুলে দেন নাহিদ ইসলাম ও তার সহযোগীরা। পাশাপাশি সুযোগ পেলে স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা একটা জবাবদিহিপূর্ণ ব্যবস্থা করব, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি-এই সমস্যাগুলোর সমাধান করা হবে।
পাশাপাশি জলাবদ্ধতার মতো স্থানীয় সমস্যার সমাধান এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা হবে বলেও জানান তিনি।
নির্বাচনী প্রচারে পরোক্ষ বাধা আছে উল্লেখ করে ঢাকা-১১ আসনের এই তরুণ প্রার্থী বলেন, প্রত্যক্ষ বাধা নেই। আমাদের নেতা-কর্মীদের ওপর বাধা আছে, ব্যানার ছিঁড়ছে।
এসব বিষয়ে নির্বাচন কমিশনে কয়েকবার অভিযোগ করেও প্রতিকার না পাওয়ারও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ সংসদীয় আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতা-কর্মীদের পাশাপাশি ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান শরিক জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নাহিদ ইসলাম, শুনছেন তাদের সমস্যার কথা। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তিনি।
সময়ের আলো/জেডআই