কুষ্টিয়া-১ আসনের দৌলতপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় বিএনপি সমর্থক মো. হামিদ মোল্লার নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। পরে জামায়াত কর্মীরাও পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘটনার সময় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন জামায়াতের শরিফুল ইসলাম (৩২), আমিরুল ইসলাম (৫০) ও হাসান (২৮) এবং বিএনপি কর্মী লিটন (৩৫) সহ আরও ৮ জন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উভয় দলের নেতারা একে অপরের ওপর হামলার অভিযোগ করেছেন। দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন বলেন, জামায়াত সমর্থকরা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।
অন্যদিকে জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ অভিযোগ করেছেন, বিএনপি সমর্থকরা আমাদের কর্মীদের আহত করেছে। আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
সময়ের আলো/জোআই/