লিবিয়ার অ্যান্টি-ইলিগ্যাল ইমিগ্রেশন এজেন্সির শাহাত শাখা নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমসেইদ সীমান্ত ক্রসিং দিয়ে বাংলাদেশের ১১০ জন অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। একই সঙ্গে কাগজপত্রবিহীন আরও ২৬ জন মিশরীয় অভিবাসীকেও তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
লিবিয়া সরকারের ওয়েবসাইট লিবিয়ান আরব নিউজ এজেন্সি (লানা) এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, সংস্থাটির দেরনা শাখা লিবিয়ার উপকূল দিয়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টাকালে ওই ১১০ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা (সিকিউরিটি রেস্ট্রিকশন) কার্যকর ছিল।
পরবর্তীতে আটক অভিবাসীদের প্রত্যাবাসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অ্যান্টি-ইলিগ্যাল ইমিগ্রেশন এজেন্সির বেনগাজি শাখায় স্থানান্তর করা হয়।
লিবিয়ার কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সংস্থাটির চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
/ইউএমএইচ