জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বতন্ত্র ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন।
দুপুর ১২টার দিকে সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
জিতু সময়ের আলোকে বলেছেন, আমি সরাসরি মূল দলে যোগদান করেছি।
এ সময় জিতু আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু সরাসরি বিএনপিতে যোগদান করেছেন। একই সময় জাকসুর বিভিন্ন হল সংসদের একাধিক নেতা ছাত্রদলের সঙ্গে যুক্ত হন।
ছাত্রদলে যোগ দেওয়া হল নেতাদের মধ্যে রয়েছেন— শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং এ এফ এম কামালউদ্দিন হলের সহ-সাধারণ সম্পাদক রিপন মন্ডল।
যদিও তারা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না, তবে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়।
এছাড়া নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রহমান বিথি, মীর মোশাররফ হোসেন হলের সাধারণ সম্পাদক শাহরিয়া নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ছাত্রদলে যোগ দিয়েছেন।
/এমএইচআর