জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালালে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। কেউ যদি ভোট প্রদানে বাধা দেয় তার হাত মুচড়িয়ে দিতে হবে। যদি মামলা করতে আসে তখন বলবেন, ডা. শফিকুর রহমানের নামেই মামলা করুন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।
ডা. শফিকুর রহমান বলেন, যুবকেরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এই আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে নেওয়া হবে। এই যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।
তিনি বলেন, শরীফ ওসমান বিন হাদি ঝালকাঠির সন্তান। আমরা নির্বাচনে ক্ষমতায় গেলেই হাদি হত্যার বিচার নিশ্চিত করব। হাদির দর্শনের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ইনসাফ ও বৈষম্যমূলক বাংলাদেশ। জাতীয় স্বার্থে সেই দর্শনও বাস্তবায়ন করা হবে। গণভোটের ‘হ্যাঁ' তে টিক দিলে সেটি নিশ্চিত করার সুযোগ আসবে।
দেশ গঠনের বিষয়ে তিনি বলেন, চাকুরি, দায়িত্ব, পেশার উপর ভিত্তি করে বেতন কাঠামো নির্ণয় করা হবে। যাতে কারো উচ্চ আকাঙ্ক্ষা না থাকে। তারপরেও যদি চাকুরিজীবী কেউ অন্যভাবে উপার্জনের চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়া হবে। আমরা যুবকদের বেকার ভাতা দেবো না। তাদের কর্মসংস্থানে যুক্ত করে দেশ গড়ার হাতিয়ার করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা মিতু এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় মঞ্চে উপস্থিত শহিদ ওসমান হাদির বোন মাসুমা হাদী।
সময়ের আলো/আআ