ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে। অধিভুক্ত, উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ছুটি থাকবে। তবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
সময়ের আলো/জেডআই