পেশা নয় রাজনীতিকে কর্তব্য হিসেবে বেছে নিয়েছে জামায়াত ইসলামী উল্লেখ করে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। এরা আমাদের মা-বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। কিন্তু আমরা জামায়াতে ইসলামী রাজনীতিকে দেশ এবং মানুষের সেবা হিসেবে নিয়েছি।
তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, আমরা এই বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে চাঁদাবাজির জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ, নিরীহ মানুষকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হেনস্তা করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও যারা চরিত্র হারিয়ে লুন্ঠনকারী হয়ে যাবেন তাদেরকে আমরা চাই না।
তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে সরকারের কোন প্লট নিব না, বিনা ট্যাক্সে গাড়ী কিনব না। প্রয়োজনে রিক্সায় চলাচল করব, নাহয় পায়ে হেঁটে চলাচল করব। তারপরও জনগণের টাকায় কোন কিছু ব্যবহার করব না।
ভোটারদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, আপনারা কি চান হবিগঞ্জ সন্ত্রাস কবলিত থাকুক, যদি না চান তবে ১২ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন। যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবেন তারা ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিবেন, আর যারা সন্ত্রাসকে লালন করেন তারা অন্যদিকে ভোট দিবে।
তিনি আরও বলেন, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবছর তাদের সম্পদের হিসাব দেবেন। শুধু তাই না, তাদের পরিবারের লোকজনও আয় ব্যয়ের হিসাব দেবেন। কোথাও জনগণের কোন সম্পদ ভোগ করেছেন কি না সেটা জনসম্মুখে প্রকাশ করবেন।
/ইউএমএইচ