আনসার বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ঝালকাঠিতে প্রস্তুত রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ হাজার ৮১ জন সদস্য। তারা ঝালকাঠির চারটি উপজেলার ২৩৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় ঝালকাঠি জেলা কমান্ড্যান্টের কার্যালয় মাঠে আনসার ও ভিডিপির নির্বাচনি প্রস্তুতিমূলক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমান্ডার আব্দুস সামাদ।
আব্দুস সামাদ বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে আনসার-ভিডিপি বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সদস্যরা বিগত প্রায় দেড় বছর ধরে চলমান প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তরুণ সদস্যদের অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রিজার্ভ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা কর্মকর্তা নিরব বিশ্বাস, রাজাপুর উপজেলা কর্মকর্তা আশালতা, কাঠালিয়া উপজেলা কর্মকর্তা সাইফুন্নাহার, নলছিটি উপজেলা কর্মকর্তা সুরাইয়া বেগমসহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ এই সমাবেশে উপস্থিত ছিলেন।
আনসারের জেলা কার্যালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এ প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।
আরও জানানো হয়, সমাবেশে উপস্থিত সকলকে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বাহিনী প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সময়ের আলো/জোআই