ফরিদপুর সদর উপজেলার একটি পুকুর সেচে সাতটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যেনান্ট কর্নেল মিনহাযুল আবেদীন।
এর আগে, এদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকার একটি পুকুর সেচে এই অস্ত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু দুষ্কৃতিকারী লুটকৃত পুলিশি অস্ত্র ও জব্দকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে। সাম্প্রতিক সেনা অভিযানের চাপে তারা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি বদ্ধ পুকুরে এসব অস্ত্র ফেলে রাখে, যা নির্বাচনের দিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
পরে শনিবার দুপুরে অভিযান চালিয়ে পানি সেচে হয়। পরবর্তীতে পুকুরটি থেকে চারটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল ও ১৬টি গুলি, সাতপি ম্যাগাজিন, দুটি সিঙ্গেল ব্যারেল শুটার গান, দুটি কাটা পাইপগান ও দুটি গুলি, পাঁচটি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, আটটি বল্লমসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের প্রতি অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানায় সেনাবাহিনী।
এফআর