আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে বসতে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের লাহোরে গেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসছে পিসিবি, বিসিবি ও আইসিসি। বৈঠক শেষে আজই দেশে ফিরবেন আমিনুল ইসলাম বুলবুল।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। একইসঙ্গে বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বলা হয়।
তবে আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপ ম্যাচ ভারতেই খেলতে হবে, বাংলাদেশ দলকে নিরাপত্তা দেওয়া হবে। এমন অবস্থায় বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আহ্বান জানালেও তাতে সায় দেয়নি আইসিসি। এদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে আইসিসির পক্ষ থেকে এখনো পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্তগুলো বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
/ইউএমএইচ